৩৬ কেজি হরিণের মাংসসহ আটক ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২২:২৭

অভিযান চালিয়ে ৩৬ কেজি হরিণের মাংসসহ ১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটককৃত আজিজুল গাজী (৩৮) খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।

সোমবার (১২ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আব্দুর রহমান জানান, অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে আজিজুলকে আটক করে। আটককৃত ব্যক্তির মোটরসাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত আজিজুলকে বন্যপ্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/আই/পিও