রেকর্ডগড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেন মেসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০২:১০

মাঠেই নেমেই গড়েছেন বিশ্বরেকর্ড, এবার রেকর্ডগড়া এক গোলে আর্জেন্টিনাকে এগিয়েও নিলেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন মেসি।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। 

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে দুই দলই। সেই ধারাবাহিকতাতেই ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে ডি বক্সের ভেতর বল পান জুলিয়ান আলভারেজ। তাকে আটকাতে ফাউল করে বসেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গেই পেনাল্টিরত বাঁশি বাজান রেফারি।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে একটুও ভুল করেননি মেসি। দুর্দান্ত এক শটে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন মেসি। এই গোলেই বাতিস্তুতাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১১ গোল করার রেকর্ড গড়েন মেসি। আর চলতি বিশ্বকাপে এই নিয়ে মেসির এটি পঞ্চম গোল।

ইত্তেফাক/এসএস