কঙ্গোতে ভয়াবহ বন্যায় ১২০ জনের প্রাণহানি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২০:০৮

কঙ্গোর রাজধানী কিনশাসায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতভর ভারী বর্ষণে সৃষ্ট বিশাল বন্যায় ১২০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। গত কয়েক বছরে এমন বিপর্যয় সেখানে দেখা যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় কোটি জনসংখ্যার শহর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা জলমগ্ন ছিল। একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

রাত নাগাদ মৃতের সংখ্যা ১২০তে বেড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে বিকেল নাগাদ সংখ্যা বেড়ে ৫৫ হতে পারে।

প্রধানমন্ত্রী জিন-মিশেল সামা লুকোন্নেডর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বন্যায় প্রাণহানির ঘটনায় বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।

নগরীর পুলিশ প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো এএফপিকে জানান, নিহতদের অধিকাংশই পাহাড়ি এলাকার বাসিন্দা। সেখানে ভূমিধসের ঘটনায় তাদের এমন পরিণতি হয়েছে।

ইত্তেফাক/ডিএস