বিশ্ব জুড়ে বরাবরই চলে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলীয় দ্বৈরথ। দুই দলের সমর্থকরা সব সময়ই নিজেদের দল-খেলোয়াড় নিয়ে তর্কে মেতে থাকেন। এর মধ্যে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। এতে যেন বিশ্বকাপ জয়ে এক ধাপ এগিয়েই যায় আর্জেন্টাইন ভক্তরা। তবে আর যাই হোক, মাঠের বাইরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক বন্ধুসুলভ। তাই দেখা গেছে গত মঙ্গলবার সেমিফাইনালের ম্যাচে।
এ খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হয় ক্রোয়েশিয়া, শেষে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। আর লিওনেল মেসিদের এই জয় গ্যালারিতে বসে উদ্যাপন করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড়রা। শুধু তাই নয়, ম্যাচের প্রথম গোলটি করে মেসি এবং পরের দুইটি গোলের কারিগরও তিনি। মেসির এমন খেলায় মেসির সাবেক ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান রোনালদিনহো গ্যালারি থেকে হাত দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝান ‘চমত্কার’।
এ ম্যাচে গ্যালারিতে দেখা যায়, ২০০২ বিশ্বকাপ জয়ীদের ব্রাজিল দলের বেশ কয়েক জন তারকাকে। তাদের মধ্যে ছিলেন অধিনায়ক কাফু, ডিফেন্ডার রবার্তো কালোর্স, মিডফিল্ডার রোনালদিনহো, স্ট্রাইকার রোনালদো। এছাড়া ব্রাজিলের সাবেক গোলকিপার দিদাও ছিলেন তাদের সঙ্গে।
