সাতক্ষীরার তালায় জুয়া (তাস) খেলার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবুল হোসেন ওরফে জমিদার (৫৫) একই এলাকার জব্বার মোড়লের ছেলে। এ সময় দুই জুয়ারিকে আটক করাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছেন পুলিশ।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, মাগুরাডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার এসআই রাজীব সরদার ও এএসআই মোজাম্মেল অভিযান চালান। এসময় জুয়াড়ীদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে দুই জুয়াড়িসহ জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। তবে ওই জুয়াড়িদের পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এবিষয়ে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন জানান, পুলিশ জুয়াড়ীদের আসরে অভিযান পরিচালনা করেন।
এ সময় কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান। তাদের মধ্যে সম্ভাবত আবুল হোসেন ওরফে জমিদার ছিল। তিনি পরে বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
