অশ্বিন-কুলদ্বীপে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে লাঞ্চে ভারত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:২৩

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুর দিকেই শ্রেয়াস আইয়্যারকে তুলে নিয়ে টাইগার শিবিরকে বেশ স্বস্তি দিয়েছিলেন এবাদত হোসেন। তবে অষ্টম উইকেট জুটিতে কুলদ্বীপ যাদব আর রবিচন্দ্রণ অশ্বিন মিলে বাংলাদেশকে স্বস্তির বদলে উল্টো ভয়ই ধরাচ্ছেন। প্রথম সেশনের খেলা শেষে ৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে ভারত।   

আগেরদিনের ৬ উইকেটের সঙ্গে দ্বিতীয়দিনের শুরুতেই শ্রেয়াস আইয়্যারকে সাজঘরে পাঠান এবাদত। আগেরদিনের ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আজ যোগ করতে পারেন আর মাত্র ৪ রান। ৮৬ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শ্রেয়াস। 

দ্বিতীয় দিনের শুরুতেই এক উইকেট তুলে নেওয়ার পর প্রথম সেশনের বাকি সময়টা টাইগার বোলারদের হতাশাই উপহার দিয়ে গেছেন অশ্বিন আর কুলদ্বীপ। প্রথম সেশনে শ্রেয়াস আইয়্যারের এক উইকেট হারিয়েই ৭০ রান তুলেছে ভারত। অশ্বিন অপরাজিত আছেন ৪০ রানে আর কুলদ্বীপ ২১ রানে। 

৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে বড় সংরহের ইঙ্গিত দিয়েই লাঞ্চে গেছে লোকেশ রাহুলের দল। এর আগে গতকাল ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো ভারত।

ইত্তেফাক/এসএস