যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই। ২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি কোনোভাবেই রাশিয়ার যোগদান মেনে নেবেন না।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন জেলেনস্কি। এর আগেই বাখ জানিয়েছিলেন, ২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের যোগদান নিয়ে যথেষ্ট সংশয় আছে।
অলিম্পিক কমিটি স্পোর্টস গভর্নিং বডিগুলোকে যে নির্দেশ পাঠিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া ও বেলারুশের উপর নিষেধাজ্ঞা আছে। তাই সে কারণে ওই দুই দেশের খেলোয়াড়রা আপাতত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে অলিম্পিকে যোগ দিতে পারেন। জেলেনস্কি এদিন জানান, মস্কো যখন যুদ্ধ চালাচ্ছে তখন এই নিরপেক্ষ পতাকার ধারণাটি অর্থহীন। রাশিয়া নিরপেক্ষ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলেও তাতে রক্তের ছোপ লেগে থাকবে। রাশিয়ার মতো সন্ত্রাসী দেশকে কোনোভাবেই এই প্রতিযোগিতায় যোগ দিতে দেয়া উচিত নয় বলে সওয়াল করেছেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই। বেইজিং শীতকালীন অলিম্পিকে রাশিয়ার খেলোয়াড়রা দেশের অলিম্পিক পতাকা ব্যবহার করেছিলেন। বাখ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
