নরসিংদীর পলাশে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামের দিঘীর পাড় থেকে অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
এদিকে এলাকাবাসীর ধারণা, অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যেই ছিনতাইকারীরা অজ্ঞাত ওই যুবকের গলা কেটে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করেছে।
শিরিনা আক্তার (৫০) নামের এক প্রতক্ষ্যদর্শী জানান, আনুমানিক দুপুর একটার দিকে আমি রাস্তার পাশ থেকে পাতা কুড়াচ্ছিলাম। পরে দেখি দিঘীর পাড়ের বাঁশঝাড়ের নিচে গলা ও পেট কাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে আছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি; গজারিয়া ইউনিয়নের খাসহাওলা গ্রামে রফিকুল ইসলাম ইফির পরিত্যক্ত একটি হাঁসের খামারের উত্তর পাশে দিঘীর পাড়ে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পড়ে রয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্ত করার পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন।
