ছোট পর্দায় বিজয় দিবসের আয়োজন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১১:১৫

প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পরিসর কিছুটা ছোট হলেও সেই তালিকায় রয়েছে বিশেষ অনুষ্ঠান, নাটক ও টেলিফিল্ম। তেমনই কিছু আয়োজনের খবর ইত্তেফাক পাঠকদের জন্য তুলে ধরা হলো—

‘সত্যি কথা বলছি’

এসএহক অলিকের রচনা এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সত্যি কথা বলছি’। এতে অভিনয় করেছেন আবুল হায়াত্, ডলি জহুর, ইমন, সালাহ খানম নাদিয়া, মোহাম্মদ বারী, ফাহমিদা শারমিন, জিয়াউল হাসান কিসলু, সালমান আরাফাত, সোলাইমান খোকা, দেওয়ান সাইফুল ইসলাম। এছাড়াও চ্যানেলটিতে সারাদিন প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। সেই তালিকায় থাকা ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। দুপুর ১২টা ১৫ মিনিটে ‘বিজয়ের দেশে ডানা মেলি’, দুপুর ১টা ০৫ মিনিটে ‘বিজয়ের পঙতিমালা’, ৩টা ১০ মিনিটে ‘স্বদেশের স্মারক’, বিকেল ৪টায় ‘বিজয় থেকে বিজয়ে’, ৪টা ৫০ মিনিটে ‘রণাঙ্গনের চিঠি’ ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘আজ রুখবে তাদের কারা’।

‘সত্যি কথা বলছি’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘যেখানে সীমান্ত তোমার’

মুনিরের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু দেশে যুদ্ধ শুরু হয়েছে। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছে মানুষ, আর সে একটা শিক্ষিত ছেলে হয়ে এ সময়ে বিয়ে করে বউয়ের আঁচল ধরে ঘরে বসে থাকবে-এটা ভাবতে খারাপ লাগছে তার। বাবা-মাকে না জানিয়ে যুদ্ধে যাওয়ার সময় নৌকায় উঠে হবু বউয়ের সঙ্গে দেখা হয়ে যায় তার।—এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরীনসহ অনেকে। নাটকটি আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

‘বিজয়ের ৫১’

আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ‘বিজয়ের ৫১’ বাংলাভিশনে প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মো. আবদুর রাজ্জাক, মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় এবং দেবলীনা সুর, কণ্ঠশিল্পী। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। এছাড়া কয়েকটি দেশের গানের কিছু লাইন গাইবেন দেবলীনা সুর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

‘একাত্তুরের বিজয়িনী’

এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘একাত্তুরের বিজয়িনী’। মুস্তাফিজ শফির গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন রওনক হাসান, জান্নাতুল সুমাইয়া হিমি, রাখী চৌধুরী, হাসিমুন প্রমুখ। অল্প বয়সে সেনাবাহিনীতে কর্মরত হান্নানের সাথে বিয়ে হয় আয়শার। কিন্তু একদিন জমি-জমা সংক্রান্ত মিথ্যা মামলায় তার চাকরি চলে যায়। তার কিছুদিন পর দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। মান্নান সংসারের মায়া ছেড়ে যুদ্ধে চলে যান। যুদ্ধের তিন মাসের মাথায় শহীদ হন মান্নান। এমনই গল্প দেখা যাবে নাটকটিতে।

 ‘ছাব্বিশ নম্বর বাড়ি’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

‘ছাব্বিশ নম্বর বাড়ি’

ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের গল্পে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘ছাব্বিশ নম্বর বাড়ি’। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, নাদিয়া, আবদুল্লাহ রানা প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে।  জুবায়ের ও রিনির একটা গেস্ট হাউস আছে। কিন্তু তারা যখন বিদেশ থাকে তখন বারো ভূতের আড্ডা হয় তাতে। অথচ এখান থেকেই জুবায়েরের রোহান চাচা মুক্তিযুদ্ধে গিয়েছেন। এখানে বসেই জুবায়েরের মা মুক্তিযুদ্ধের কাহিনি লিখেছেন। তাই জুবায়ের ঠিক করে এটা ভেঙে বহুতল ভবন বানাবে। দোতলায় লাইব্রেরি করবে। যুদ্ধের নানা স্মৃতি থাকবে ওখানে। কিন্তু বাঁধ সাধে রিনি। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

ইত্তেফাক/বিএএফ