রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ মরক্কোর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৪

চলমান কাতার বিশ্বকাপে শুরু থেকেই আলোচনায় ছিল বিতর্কিত রেফারিং। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায় প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো। সেমিফাইনালে রেফারি ছিলেন মেক্সিকোর সিজার রামোস। সেমিফাইনালে হারের পর মেক্সিকোর রেফারির বিরুদ্ধে ফিফায় লিখিত অভিযোগ জানিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডি বক্সের ভেতর সোফিয়ান বৌফলকে ফাউল করেন থিও হার্নান্দেজ। কিন্তু রেফারি উল্টে বৌফালকেই হলুদ কার্ড দেখান সিজার রামোস। এছাড়াও দ্বিতীয়ার্ধেও সেলিম আমাল্লাকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল বলে অভিযোগ মরক্কোর। রেফারি ফাউল না ধরায় দুটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ মরক্কোর। 

মরক্কো ফুটবল ফেডারেশন একটি বিবৃতিতে জানিয়েছে, 'ফেডারেশনের পক্ষ থেকে ফিফার কাছে অভিযোগ জানানো হয়েছে। ম্যাচে দু’টি পেনাল্টির সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেছে। শুধু রেফারি নন, ভিএআর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি। সেমিফাইনালে এই ধরনের রেফারিং আমাদের হতাশ করেছে। ফিফাকে পদক্ষেপের আবেদন জানাচ্ছি।' 

ইত্তেফাক/জেডএইচ