মেসি নাকি এমবাপ্পে, ফাইনালে খেলাইফির সমর্থন কার দিকে?

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৪:৫৩

টানা ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার আক্ষেপ মেটানোর দ্বারপ্রান্তে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টির হাতছানি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের সামনে। 

কাতার বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দুই দলের দুই বড় তারকা- লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে। লুসাইলের ফাইনালে শিরোপা কার ঘরে উঠবে তা নির্ভর করবে এই দুজনের উপরই। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে কাল এই দুজন মাঠে নামবেন একে অন্যের প্রতিপক্ষ হয়েই। তবে ক্লাব ফুটবলে এই দুই তারকা আবার একে অন্যের সতীর্থ। বিশ্বকাপের পরই দুই তারকা কাঁধে কাধ মিলিয়ে মাঠে নামবেন পিএসজির জার্সি গায়ে। 

এদিকে এই দুই তারকার ক্লাব পিএসজির মালিকানা কাতারের ধনকুবের নাসের আল খেলাইফির। এবার নিজের মাটিতে বিশ্বকাপের ফাইনালে নিজের ক্লাবের বড় দুই তারকার মধ্যে কাকে সমর্থন দেবেন খেলাইফি, সেটি নিয়েই জল্পনা-কল্পনা ফুটবল ভক্তদের মনে।

আরএমসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সমর্থন নিয়ে অবশ্য কোনো ধোঁয়াশা রাখেনি খেলাইফি। তার সমর্থন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফান্সের প্রতি তা জানিয়ে দিলেন নির্দ্বিধায়। 

খেলাইফি বলেন, পিএসজি ফ্রান্সের ক্লাব তাই আমার সমর্থন থাকবে তাদের প্রতি। এছাড়া ফ্রান্স আমার দ্বিতীয় দেশ।

এছাড়া শুধু যে ফ্রান্সকে সমর্থন দিচ্ছেন তাই নয়, মেসির আর্জেন্টিনাকে নিয়েও তিনি বলেন, আমার কাছে সুযোগ থাকলে দুই দেশকেই বিশ্বকাপ দিয়ে দিতাম। কারণ তারা দুই দলই দুর্দান্ত খেলে এই পর্যন্ত এসেছে। বিশেষ করে লিও (মেসি) টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিল।

পিএসজির মালিক বলেন, এমবাপ্পে ও মেসি- বিশ্বসেরা দুই তারকা আমার ক্লাবে আছে। তারা প্রত্যেকে পাঁচটি করে গোল পেয়েছে। এই বিশ্বকাপে পিএসজিকেই সেরা ক্লাব বলা যায়।

ইত্তেফাক/এসএস