চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে রশি চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন দুই ভাই। দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের বাদশাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মোহাম্মদ জালাল (২২) ও মোহাম্মদ কামাল (১৮) তারা ওই গ্রামের জহির আহমদের ছেলে। এ ঘটনায় আহতরা হচ্ছেন, মোহাম্মদ ইদ্রিচ (৭৫) , মোহাম্মদ বাদশা (১৮) , সালাউদ্দিন (২৭) ও মোহাম্মদ রানা (১৬)। আহতদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভত্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গরুর গলায় থাকা রশি চুরিকে কেন্দ্র করে গ্রামের দেলামিয়া মিস্ত্রীর বাড়ির পাশে বিকাল ৪টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এ সময় শফিকুল আলমের সঙ্গে জালালের কথা কাটাকাটির হয়। একপর্যায়ে শফিকুলের ছেলেরা সাইফুল (২৭), খোরশেদ (২৬) সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে দুই ভাই খুন হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতদের বাবা জহির আহম্মেদ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত শফিকুল আলম (৬৫) ও খোরশেদ আলম (২৬) নামক দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
