দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক আরজ আলী মাতুব্বরের ১২২তম জন্ম উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা আরজ আলী মাতুব্বরের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বলেছেন, তাঁর জীবন সংগ্রাম ও দর্শন বর্তমান বিশ্ব সংকটের সমাধান হতে পারে। তিনি সব সময়ের জন্য সমান প্রাসঙ্গিক।
স্থানীয় সময় শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে ‘সত্যের সন্ধানে’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ওপেন আইস, যুক্তরাষ্ট্র নামে একটি সংগঠন।
সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরজ আলী মাতুব্বরের জীবন কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন সাপ্তাহিক ‘বাঙালী’ সম্পাদক কৌশিক আহমেদ, টেলিভিশন ব্যক্তিত্ব ও লেখক বেলাল বেগ, গবেষক জুয়েল মালিক, লেখক কুলদা রায় প্রমুখ।
ওপেন আইস-এর অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন। অংশগ্রহণমূলক আলোচনায় আরো অংশ নেন সাপ্তাহিক ‘ঠিকানা’র প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, লেখক সুব্রত বিশ্বাস, আহমাদ মাজহার, সাংবাদিক আমান-উদ-দৌলা, মুজাহিদ আনসারী, শামীম আল-আমিন, ইব্রাহিম চৌধুরী, সনজীবন কুমার, রহমান মাহবুব, ডা. প্রতাপ দাশ, বিবিসির প্রাক্তন সাংবাদিক সাগর লোহানি, রাজনৈতিক নেতা জাকির হোসেন বাচ্চু, মুক্তচিন্তক তানভীর কাইসার, শুভ ডি কস্টা এবং চলচ্চিত্র নির্মাতা আবু সায়ীদ প্রমুখ।
অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন তাহমিনা শহীদ। মুক্তধারা নিউইয়র্ক-এর কর্ণধার বিশ্বজিত সাহা অনুষ্ঠানে বইয়ের স্টল দিয়েছিলেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ধর্ম সৃষ্টির পর থেকেই মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। পশুর ধর্ম পশুত্ব, মানুষের হওয়া কথা মানবিকতা কিন্তু তা কেন হয়নি এ ধরনের ৫৭ টি প্রশ্ন আরজ আলী মাতুব্বর তাঁর বই সত্যের সন্ধান সহ অন্যান্য রচনাবলীতে উল্লেখ করে যান।
বক্তারা বলেন, আরজ আলী মাতুব্বর আত্মসম্মানবোধ সম্পন্ন সৎ বহু বিদ্যায় পারদর্শী এক দ্রোহী চিন্তক। স্বশিক্ষিত এই দার্শনিক মানবতা ও বিজ্ঞান মনষ্কতার একনিষ্ঠ অনুগামী ছিলেন। তিনি প্রথাগত শিক্ষা ব্যতিরেকে স্বীয়গরজে জ্ঞান সন্ধানী ৮৬ বছরের জীবনে সত্তর বছর শুধু মনের তৃষ্ণায় লাইব্রেরি বই ও তৎকালের সেরা বুদ্বিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় ও জ্ঞানের আদান প্রদান করেছেন।
