সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, কুমিল্লা, ভোলা ও রূপগঞ্জে আট জন নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:০০

কুষ্টিয়া, কুমিল্লা, ভোলা জেলা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় গতকাল রবিবার সকালে ও শনিবার রাতে দুটি সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কলেজছাত্র সাব্বির (২০), আসলাম (২৩) ও পান ব্যবসায়ী এনামুল (৪৫)।

পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় নছিমন ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নছিমনের যাত্রী পান ব্যবসায়ী এনামুল হক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় নছিমনের আরও দুই জন যাত্রী আহত হন। নিহত এনামুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার মৃত আজব মালিথার ছেলে। অন্যদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে দ্রুতগামী মোটরসাইকেল ও মাল বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাব্বির হোসেন এবং খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের ছাত্র আসলাম আলী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তারা দুই জনেই মারা যান। নিহত দুই জনেরই বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর গ্রামে।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় দুই দুর্ঘটনায় দুই কিশোরসহ তিন জন নিহত হয়েছে।

রবিবার জেলার দেবীদ্বার ও মনোহরগঞ্জ উপজেলা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো. শরীফ মিয়ার ছেলে মো. আরিফ, দেবীদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে মো. ইরফান এবং মনোহরগঞ্জ উপজেলার শাকচাইল গ্রামের ট্রাক্টর চালক মো. শামীম।

সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ফুলগাছ তলায় গতকাল বিকালে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর মো. আরিফ ও মো. ইরফান ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা জীবন দাস নামে আরেক কিশোর গুরুতর আহত হয়। তাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, নিহত দুই কিশোরের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এর আগে দুপুরে জেলার মনোহরগঞ্জ উপজেলার শাকচাইল এলাকায় ট্রাক্টর উলটে চালক মো. শামীম নিহত হন। মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুর রহিম জানান, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় জমি চাষ করতেন। দুপুরে একটি ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উলটে যায়। এ সময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

ভোলা প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অ্যাম্বুল্যান্স-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোসলেউদ্দিন (৩৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোল্লার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোসলেউদ্দিন দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুবি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম জানান, বোরহানউদ্দিন বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি মোল্লার হাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশাটি মোল্লার হাট বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার একটি লোহার পাইপ ভেঙে চালকের শ্বাসনালিতে ঢুকে গেলে শ্বাসনালি ছিঁড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। পুলিশ তাত্ক্ষণিকভাবে তাদের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর কেশাবো এলাকায় গতকাল ড্রাম ট্রাক ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে টমটম চালক মতিউর রহমান (৩৫) নিহত হয়েছেন। নিহত মতিউর রহমান কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ জানায়, পাথরবাহী ভুলতা গাউছিয়াগামী ড্রাম ট্রাক ও কাঞ্চনগামী বালুবাহী টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে টমটম চালক মতিউর রহমান রাস্তায় ছিটকে পড়েন। তখন ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে চার দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আমজাদ হোসেন (২২) নামে এক যুবক শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমজাদ হোসেন উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

ইত্তেফাক/এমএএম