আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ে আনন্দ মিছিলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শাওন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) উপজেলার খিলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার খিলা গ্রামে। সে ঐ গ্রামের মিলন হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল-অমিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘রোববার মধ্যরাতে আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ে আনন্দ মিছিল বের করে আর্জেন্টাইন ভক্তরা। অন্যদের সঙ্গে মিছিলে অংশ নেয় শাওন। মিছিলটি খিলা বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ দিকে যেতে থাকলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
নিহত শাওন খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা নুর। তিনি বলেন, ‘শাওন এ স্কুলের ছাত্র।’
মনোহরগঞ্জ নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাইওয়ে পুলিশ বিষয়টা দেখতেছে।’
