২০২৬ পর্যন্ত ‘১০’ মেসির জন্য বরাদ্দ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০২

স্বপ্নের বিশ্বকাপ জিতেই সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছিলেন কাতার বিশ্বকাপই হবে তার শেষ।

গত রবিবারের ফাইনালের আগে মেসি আরো একবার জানিয়ে দেন, ফাইনালই হয়তো হবে তার শেষ! মেসির এই ঘোষণা মতেই লুসাইলের ফাইনালকে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে অবহিত করা হয়েছে গণমাধ্যমের পাতায়। কিন্তু এখন শোনা যাচ্ছে মেসি জাতীয় দলের হয়ে খেলাটা আরো চালিয়ে যাবেন। তবে কত দিন খেলবেন সেটা স্পষ্ট করেননি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চান মেসি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলুক।

শুধু চাওয়া কি, এরই মধ্যে মেসিকে ধরে রাখার একটা পরিকল্পনাও করে ফেলেছেন স্কালোনি। ২০২৬ পর্যন্ত আর্জেন্টিনা দলের ‘১০ নম্বর’ জার্সিটা মেসির নামেই বরাদ্দ রাখবেন তিনি।

মেসি খেলাটা চালিয়ে যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে ৪৪ বছর বয়সি স্কালোনি বলেছেন, ‘আমি মনে করি, আমাদের উচিত আগামী বিশ্বকাপের জন্য মেসির জন্য একটা জায়গা সংরক্ষণ রাখা। এটার মানে হলো, মেসি যদি খেলাটা চালিয়ে যেতে চায় তাহলে তার জন্য ১০ নম্বর জার্সিটা বরাদ্দ রাখা। তবে আমি মনে করি, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে।’

 

ইত্তেফাক/এসএস