তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীত পড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। চা-শ্রমিক আরশেদ আলী, মমিন ও জাহেরুল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে চা-বাগানের পাতা তুলতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে। তারপরও কাজ করতে হচ্ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘কয়েকদিন ধরে তাপমাত্রা অনেকটা কমেছে। মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’ তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
