বিএনপির ৫ সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন ও তার সমর্থকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় ওই গণসংযোগ করেন তিনি। এসময় নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন নেতাকর্মীরা।
পথসভায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আগামীতেও তা অব্যাহত রাখবো। দেশের উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।
প্রসঙ্গত, বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের ৫টি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি এই ৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষদিন ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ছাড়াও ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
