বিশ্বকাপ জয়ের পর দোহার লুসাইল স্টেডিয়ামের সবুজ ঘাসে বসেই স্ত্রী-সন্তানদের নিয়ে উৎসব করেছেন লিওনেল মেসি। ৬.১৭ কেজি ওজনের সোনার বিশ্বকাপ ট্রফি, সোনার বল, সোনার পদক-স্বপ্নের সব স্মারক সঙ্গে নিয়েই উৎসব করেন, ছবি তুলেন। মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তাদের তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো—তাদের উচ্ছ্বাসটা ছিল বাঁধভাঙা, যেন তারাও বিশ্বজয়ী!
কিন্তু কাতার ছেড়ে আর্জেন্টিনায় ফেরার পর রাজধানী বুয়েনস এইরেসে মেসির পাশে তার স্ত্রী-সন্তানদের দেখা যাচ্ছে না! এমনকি মেসির মা সিলভিয়া মারিয়া রোজাকেও মেসির পাশে দেখা যায়নি। কেন? মেসির মা, স্ত্রী-সন্তানরা তাহলে কোথায়? তারা কি মেসির সঙ্গে আর্জেন্টিনায় ফিরেননি?
এসব প্রশ্নেরই উত্তর মিলেছে। মেসির স্ত্রী-সন্তান এবং মা, সবাই কাতার থেকে আর্জেন্টিনায় ফিরে গেছেন। তবে মেসির সঙ্গে নয়। সব আনুষ্ঠানিকতা সেরে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল কাতার থেকে আর্জেন্টিনাগামী বিমানে চড়েন পরের দিন সকালে। তার আগেই নিজেদের ব্যক্তিগত বিমানে দেশে ফেরেন মেসির মা, স্ত্রী-সন্তানরা। আর দেশে ফিরে তারা সরাসরি চলে গেছেন মেসির জন্ম শহর রোজারিওতে। সেখানে মেসিকে বিশেষ সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেসির মা এবং স্ত্রী-সন্তানরাও সেই প্রস্তুতি নিতে আগেভাগে রোজারিওতে নিজেদের বাড়িতে গিয়ে উঠেছেন। সেখানে তারা মেসির ফেরার অপেক্ষায় আছেন। তাই বুয়েনস এইরেসে মেসি স্ত্রী-সন্তানহীন!
