শায়েস্তাগঞ্জে শীত নিবারণে সাশ্রয়ী মূল্যে গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। শীত যতই ঘনিয়ে আসছে দিন দিন ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোতে ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারে পুরনো কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পরা ভিড়। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরনো কাপড়ের দোকানে কোট, জ্যাকেট, সোয়েটার, মাফলার, ক্যাপ, চাদর, পায়ের মোজা, প্যান্ট, শাড়ি, লুঙ্গি, গেঞ্জিসহ সব ধরনের পোশাক রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার দাম অনেকটা বেশি।
শায়েস্তাগঞ্জ রেল গুদাম এলাকার পুরনো গরম কাপড় ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক জানান, একটি সোয়েটার ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি।
ক্রেতা আব্দুর রহিম জানান, এখান থেকে দুই তিন হাজার টাকা গরম কাপড় কিনলে পরিবারের সবার চাহিদা মোটামুটি পূরণ হয়ে যায়। তবে গরম কাপড়ের দাম গত বছরের তুলনায় একটু বেশি।
শায়েস্তাগঞ্জ পৌর মার্কেটের সুহান ক্লথ স্টোরের কাপড় ব্যবসায়ী আব্দুর রউফ জানান, এ বছর গরম কাপড়ের চাহিদা বেশি।
তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে এসব গরম কাপড় পাইকারি মূল্যে ক্রয় করে এনে তিনি বিক্রি করেন। এতে তার বেশ লাভ হয়। অগ্রহায়ণের শেষ হতে শুরু করে পৌষ ও মাঘ মাস পর্যন্ত শীতের গরম কাপড় পর্যাপ্ত পরিমাণে বিক্রি করে থাকেন। এই সময়ে দ্বিগুণ লাভ পাওয়ার সম্ভাবনা থাকে।।
