করদাতাদের উৎসাহিত করার জন্য প্রতি বছর সেরা করদাতার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সরকার। অন্যান্য বিভাগের মতো এ বছরও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এ বছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন তারকা।
২০২১-২২ কর বছরের জন্য গেজেট প্রকাশ করে এনবিআর। যেখানে এ বছর সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড দেওয়া হচ্ছে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া যায়।
এর মধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পর্যায়ক্রমে নাম এসেছে মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ ব্যানার্জীর। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল ও তাহসান খান।
প্রতি বছরের মতো এ বছরও দেশের সেরা করদাতার ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।
