বারৈয়ারহাটে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন সেনাপ্রধানের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২২:৪০

চট্টগ্রামের বারৈয়ারহাটে শীতকালীন বহিরঙ্গণ প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (২১ ডিসেম্বর) ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন এলাকাটি পরিদর্শন করেন তিনি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শীতকালীন প্রশিক্ষণে মোতায়েন হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন।

ছবি: আইএসপিআর

এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে উপস্থিত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতির আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে। পরিদর্শনকালে বারৈয়ারহাট এলাকায় সেনাবাহিনী প্রধান ৫০০টি দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ছবি: আইএসপিআর

উল্লেখ্য, ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদর এবং চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য, মিডিয়া ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম