সমর্থকদের জন্য টাকা ওড়ালেন পাপু গোমেজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১১:১৭

বিশ্বকাপ জয়ী দলকে শুভেচ্ছা জানাতে রাতের ঘুম হারাম করে রাস্তায় কাটিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। খাওয়া-দাওয়া ভুলে ছুটেছেন বিশ্বজয়ী বীরদের বহনকারী ছাদখোলা বাসের পেছনে পেছনে। নানা স্লোগান আর করতালিতে ফুটবলারদের জানিয়েছেন প্রাণঢালা অভিনন্দন।

নিজেদের কষ্ট ভুলে যারা এত ভালোবাসা দিল, বিনিময়ে তাদেরও তো কিছূ দিতে হয়! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পাপু গোমেজ সেই বিনিময়টা দিলেন বিশেষভাবে। ছাদখোলা বাস থেকে তিনি উৎসুক সমর্থকদের জন্য উড়ালেন টাকা!

পাপু গোমেজের কাছে বেশ কিছু ইউরো (ইউরোপিয়ান মুদ্রা) ছিল। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আর্জেন্টিনার ৩৪ বছর বয়সী মিডফিল্ডার নিজের সেই ইউরোগুলো সমর্থকদের উদ্দেশ্যে চারদিকে উড়িয়ে দেন। বাতাসে ওড়ানো সেই টাকা (ইউরো) ধরতে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। কে কার আগে টাকা ধরবেন, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় সমর্থকদের মধ্যে। বিশ্বকাপজয়ী বীরের উপহার বলে কথা।

ইত্তেফাক/এসএস