সাভারে ভুয়া মেজর আটক

আপডেট : ১৬ জুন ২০১৯, ২৩:৫৮

সাভারে বিয়ে পাগল ভুয়া মেজরকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মোঃ জাহিদ (২৯)। রবিবার তাকে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে শনিবার সকালে র‌্যাব-৪ এর একটি দল সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আটক জাহিদ নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফেসবুকে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে অথবা চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে নানা কায়দা টাকা হাতিয়ে নিতেন। এই প্রতারকের ফাঁদে পড়ে নিঃস্ব হওয়া এক নারীর অভিযোগে ভিত্তিতে র‌্যাব তাকে আটক করে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায়। 

আশুলিয়া এলাকার ভুক্তভোগী ওই নারী জানান, তার সঙ্গে মেজর সেজে ফেসবুকে পরিচয় হয় জাহিদের। পরে চাকরি দেয়া কথা বলে ৪ লাখ ৩০ হাজার টাকা নেয়। তবে দীর্ঘদিন কেটে গেলেও চাকরির কোন খবর নেই। পরে হঠাৎ একদিন বাসায় উপস্থিত হয়ে বিয়ের প্রস্তাব দেয় ও নিজেকে হিন্দু ধর্মালম্বীর ও তার নাম সমির বলে জানায়। বাবা পুলিশ কমিশনার। দেশের বাইরে অবস্থান করছে এবং মা মানসিকভাবে অসুস্থ। তাই মেঘলা নামে এক নারীকে নিজের বোন পরিচয় দিয়ে বিয়ের কথা বলে। গত বছরের ২৫ নভেম্বর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসারে তাদের বিবাহ হয়। এরপর থেকে তারা সাভারে একটি ভাড়া বাসায় বসবাস করতে থাকে। জাহিদ মাঝে মধ্যে রাতে আসতো, আবার ভোরে চলে যেতে। এরমধ্যে আমি জানতে পারি, জাহিদ ভুয়া মেজর এবং সে মুসলিম। এছাড়া সে একইভাবে প্রতারণা করে দেশের বিভিন্ন স্থানে একাধিক বিয়ে করে টাকা হাতিয়ে নিয়েছে। পরে জাহিদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি র‌্যাবে অভিযোগ করেন।

আরও পড়ুন: শরণখোলায় দুই বাড়িতে চেতনানাশকে অজ্ঞান ৫

আশুলিয়া থানার এসআই কামরুল হাসান তুহিন জানান, ভুয়া মেজর জাহিদকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তার দু’দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগী নারী ও পরিবার যোগাযোগ করে তাদের প্রতারিত হওয়া ঘটনা তুলে ধরছেন। পাশাপাশি বোন বলে পরিচয় দেয়া ভুয়া মেজর জাহিদের স্ত্রী মেঘলাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/আরকেজি