অস্কার শর্টলিস্টে ভারত-পাকিস্তান!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১:০৭

আগামী মার্চে বসতে যাচ্ছে অস্কারের ৯৫তম আসর। আসরটি ঘিরে এরইমধ্যে নানা জল্পনা-কল্পনা আর হিসেব-নিকেশ। অস্কার কর্তৃপক্ষও নিজেদের মতো করে কাজ গুছিয়ে নিচ্ছে। প্রকাশ করেছে এবারের আসরের ১০টি বিভাগের শর্টলিস্ট। যেখানে স্থান করে নিয়েছে ভারত ও পাকিস্তানের সিনেমা। তবে বাংলাদেশের ‘হাওয়া’ সিনেমাটি পাঠানো হলেও শর্টলিস্টে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি।

উল্লেখ্য, চলতি বছর ৯২টি দেশের ছবি থেকে ‘আন্তর্জাতিক ফিচার ছবি’ বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে ১৫টি ছবি। এই তালিকা থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’।

সাইম সাদিক রচিত ও পরিচালিত এই ছবিটি নিয়ে রীতিমত বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। এমনকি ছবি মুক্তির পর পাকিস্তানে হয়েছিল নিষিদ্ধ। যদিও শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার।

এছাড়াও এই বিভাগের শর্টলিস্টে জায়গা পেয়েছে ভারতের ‘লাস্ট ফিল্ম শো’ সিনেমাটি। গুজরাটি ভাষায় নির্মিত এই ভারতীয় সিনেমাটি পরিচালনা করেছেন পান নলিন।

জানা গেছে, নির্মাতার নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে উঠেছে এই সিনেমার বিষয়বস্তু। গুজরাটের গ্রামে বাল্যকাল কেটেছে পরিচালকের। সেই স্মৃতিই তিনি পর্দায় ফিরিয়ে এনেছেন ‘লাস্ট ফিল্ম শো’র মাধ্যমে।

ভারত ও পাকিস্তানের ছবি ছাড়াও এ বছর ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ১৯৮৫ (আর্জেন্টিনা), করসেজ (অস্ট্রিয়া), ক্লোজ (বেলজিয়াম), রিটার্ন টু সিউল (কম্বোডিয়া), হলি স্পাইডার (ডেনমার্ক), সেইন্ট ওমর (ফ্রান্স), অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড), বারদো (মেক্সিকো), দ্য ব্লু কাফতান (মরক্কো), ইও (পোল্যান্ড), ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া) ও কায়রো কন্সপায়ারেসি (সুইডেন)।

ইত্তেফাক/বিএএফ