থাইল্যান্ড সামরিক জান্তা শাসিত মিয়ানমারের সংকট নিয়ে আঞ্চলিক আলোচনা করেছে। আন্তর্জাতিক পর্যায়ের এই আলোচনায় জান্তা মন্ত্রীদের বিরল উপস্থিতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য দেশকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও আলোচনায় অংশ নেয়নি তারা।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চানা পাতারাচোকে জানান, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় অংশ নেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
তবে আলোচনায় মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের কোনো প্রতিনিধি ছিলেন না। এই আসিয়ান সদস্য দেশগুলো মিয়ানমার জান্তার কট্টর সমালোচক।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আলোচনায় প্রধানত মানবিক সহায়তা এবং আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উপায় খোঁজার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তবে আলোচনায় কোনো বাস্তবিক ফল পাওয়া যায়নি।
গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের সঙ্গে আলোচনায় যুক্ত হবে কিনা তা নিয়ে ১০ সদস্যের আসিয়ান ব্লক বিভক্ত। গত বছর ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সঙ্গে যুক্ত জান্তা বিরোধীদের সঙ্গে আলোচনার খোলার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ার পরে মিয়ানমারের অনেক উচ্চ-পর্যায়ের জেনারেলদের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ব্যাংককে থাই-মিয়ানমার দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে আঞ্চলিক আলোচনা হয়েছে।
