ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন ও বরিশাল থেকে স্বরুপকাঠিগামী এসআর পরিবহনের দুই বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কালাম এসআর পরিবহনের চালক এবং বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বিকল্প পথে চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালে এবং বরিশাল থেকে পিরোজপুরের স্বরূপকাঠির দিকে যাচ্ছিল এসআর পরিবহনের একটি বাস। পথে কাশিপুর এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এসআর পরিবহনের চালক প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস দুইটি আটক করা হয়েছে।
