৬২ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, নারীসহ গ্রেপ্তার ৭

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:০৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাবের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিশনন্দি ফেরিঘাট এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  নগদ সাত হাজার ২১৫ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১১ এর নায়েব সুবেদার  মনজু মিয়া ও নায়েব সুবেদার  আফজাল হোসেন বাদী হয়ে থানায় একটি মাদক আইনে মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার মহসিন (৩০), মনোয়ারা বেগম (৫০), পপি আক্তার (২৩), নাসির নগর এলাকার ফুলমিয়া (৪০), নেত্রকোণার দুর্গাপুর এলাকার দেলোর হোসেন (২০), কুমিল্লার কোতয়ালী থানার আব্দুর রহমান (২৫) ও তৌফিক হাসান।

র‌্যাব  জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ গাঁজা সংগ্রহ করে। পরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।

পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার ১২ লাখ ৪০ হাজার টাকা।

ইত্তেফাক/আরএজে