বাগেরহাটে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫১

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।

শরণখোলা

শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নূর-ই আলম সিদ্দিকী।

প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে ও ইত্তেফাক শরণখোলা সংবাদদাতা শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগ নেতা এম ওয়াদুদ আকন, উপজেলা সদর রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান বাবুল তালুকদার, সাংবাদিক সাবেরা ঝর্ণা ও কৃষক লীগের সেক্রেটারি মো জামাল আকন প্রমূখ।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে।

ইত্তেফাক/আরএজে