‘ইত্তেফাক আরও তরুণ হচ্ছে’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫

দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। বিশেষ এই দিনে ইত্তেফাককে ভালোবাসা জানিয়েছেন দেশের তারকারা।

একটি মাত্র পত্রিকা যার কাছে আমার কখনও আস্থার সংকট হয়নি: কুমার বিশ্বজিৎ
দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখেই ইত্তেফাক তার যাত্রা অব্যাহত রেখেছে। জন্মদিন উপলক্ষে পত্রিকাটির শব্দসৈনিকদের কাছে আমার প্রত্যাশা তারা যেন দেশের শিল্প-সংস্কৃতি, যোগ্যতার সঠিক মূল্যায়ন করে। কারণ ইদানিং গণমাধ্যম বেশি হওয়ায় কে যে সেরা তা নিয়ে বিভ্রান্ত হতে হচ্ছে। তারা অযাচিত হেডলাইন দিচ্ছে। ইত্তেফাক যেন সেই স্রোতে গা না ভাসায়, এই অনুরোধ রইলো। ইত্তেফাক পরিবারের সকল সৈনিক ও সেনাপতিদের জন্মদিনে শুভেচ্ছা।

ইত্তেফাকের নিউজ দেখে জাস্টিফাই করি: মীম
শুরু থেকেই ইত্তেফাক সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তাই কোনো খবর পড়ে দ্বিধায় পড়ে গেলে ইত্তেফাকের নিউজ দেখে জাস্টিফাই করি। এছাড়া আমার প্রতিটা কাজের ক্ষেত্রেও ইত্তেফাককে পাশে পেয়েছি। আগামীতেও পত্রিকাটি নিজেদের মান ও ঐতিহ্য ধরে রেখে সবার পাশে থাকবে বলে আশা করছি।

আমাদের দেশে ইত্তেফাকের অবদান বলে শেষ করা যাবে না: সাদি মহম্মদ
এদেশ গঠন থেকে শুরু করে, কী রাজনীতি, সাংস্কৃতিক পরিমণ্ডল এমনকি সমাজের যেকোনো পর্যায়ের সংকট থেকে সাফল্যে ইত্তেফাকের কথা বলে শেষ করা যাবে না। আমি ব্যক্তিজীবনে ইত্তেফাকের কাছে নানা কারণে ঋণী। তা তারকা খ্যাতি বা আমার খবর ছেপেছে, সেসব কারণে নয়। আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সেই নৃশংসতা নিয়ে আজ বলতে চাই না। কিন্তু সে সময়কার অনেক রেফারেন্স, অনেক খবর, যা ইত্তেফাকই আমাকে দিয়েছে। এসব বিষয় আমি বলে বোঝাতে পারবো না। এদেশের একটা সুপঠিত দলিল হলো ইত্তেফাক। ইত্তেফাক যেন কখনও স্বভাবসূলভ ভাবে অন্যদের মতো গা না ভাসায়, সেই প্রত্যাশাই রইল।

ইত্তেফাকে ছবি ছাপা হলেই মনে হয় স্টারডমটা টিকে আছে: নুসরাত ফারিয়া
ছোটবেলা থেকেই দৈনিক ইত্তেফাকের সঙ্গে আমার পরিচয়। আমার বয়স বাড়ছে, কিন্তু ইত্তেফাক আরও তরুণ হচ্ছে। আমার ক্যারিয়ারে ইত্তেফাকের অবদান কখনও বলে শেষ করা যাবে না। নতুনদের ইত্তেফাকের বিনোদন বিভাগ বরাবরই সহযোগিতা করে থাকে। আমিও শুরু থেকে সেই সাপোর্ট পাচ্ছি। এই ধারা অব্যাহত থাকুক, পত্রিকাটির ৭০তম জন্মদিনে এই কামনা করি।

ইত্তেফাক সবসময় শিল্পীদের ব্যাপারে পজিটিভ থাকে: তাসনিয়া ফারিণ
ক্যারিয়ারের শুরুতে ভাবতাম কবে ইত্তেফাকের পাতায় কবে আমার ছবি বের হবে। কেননা, ইত্তেফাকের ইতিহাস-ঐতিহ্যের যে গল্প শুনে এবং পড়ে বড় হয়েছি তাতে পত্রিকাটির পাতায় নিজেকে দেখার বাসনা ছিল। কিন্তু এত বড়মাপের পত্রিকা আমার মতো নতুনের খবর ছাপবে কি-না!—এমন ভয় থাকলেও পত্রিকাটি সেই ধারণা পাল্টে দিয়েছে। পরবর্তীতে দেখলাম ইত্তেফাক সবসময় শিল্পীদের ব্যাপারে পজিটিভ থাকে। শুভ জন্মদিন ইত্তেফাক।

ইত্তেফাকে আমার ছবি যেদিন ছাপা হয়, বাবা খুব খুশি হয়েছিল: সারিকা সাবাহ
দৈনিক ইত্তেফাকের মাঝে গণমাধ্যমের প্রকৃত দায়িত্ববোধ রয়েছে। সে কারণে ৭০ বছরে পা দিয়েও ইত্তেফাক এখনও অবিচল, চিরতরুণ রয়েছে। ক্যারিয়ারের শুরুতে ইত্তেফাক এতটা সাপোর্ট দেবে কল্পনাও করিনি। অবাক করা বিষয় হচ্ছে, পত্রিকাটি নতুনদের প্রমোট করে। যা খুবই বিরল। আমার বাবা কাছে তো ইত্তেফাক মানেই বিশেষ কিছু। ইত্তেফাকে আমার ছবি যেদিন ছাপা হয়, বাবা খুব খুশি হয়েছিলেন। যা সারাজীবন মনে থাকবে।

ইত্তেফাক/বিএএফ