সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীরা মিছিল করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, শনিবার সকালে বামনপুর সগুনা চারমাথা এলাকায় হঠাত্ করে জামায়াতের নেতাকর্মীরা জঙ্গি মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন—সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ আলম দেওয়ান (৪৪), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩২), জেলা জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৫৪), আমিনুল ইসলাম (৪৮), শিপন (২৬), নুরনবী (২৫), ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারি মামুনুর রশিদ (২৬), শিবিরকর্মী মারুফ হোসেন (১৮), মেহেদী হাসান (২০), মেশকাত শরীফ (২৩) ও সোহরাব হোসেন (২২)।
