ফেভারিট হিসেবে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। বিশ্বকাপ ব্যর্থতায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান ব্রাজিলের কোচ তিতে। গত সপ্তাহে রিওতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়েছে তিতে। ব্রাজিলের গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেইন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এরপর ওই দুষ্কৃতিকারী তিতের কাছে ব্যাখ্যা চায়, এভাবে কেন ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।
হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্পষ্ট কোনো জবাব দেননি তিতে। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে চেন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়।
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা হামলার প্রসঙ্গে কথা বলতে গেলে তিতে বলেন, ‘এই বিষয়ে কিছু বলার নেই। আমি পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাতে চাই।’
