গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিহতের নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোতালেব হোসেনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোতালেব হোসেন উপজেলার সদর ইউনিয়নের ভুবনেরচালা গ্রামের বাসিন্দা।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, বৃদ্ধ মোতালেবের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। শনিবার সকাল ১০টার দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মোতালেব। খবর পেয়ে প্রতিপক্ষের নুরুল ইসলাম লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোতালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্বজনেরা গুরুতর আহত মোতালেবকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
কাপাসিয়া ইউপি সদস্য আল-আমিন পালোয়ান জানান, নিহত মোতালেবের সঙ্গে প্রায় ৭/৮ বছর যাবৎ প্রতিবেশী আমিনুল ইসলাম রাসেলদের জমি নিয়ে বিরোধ ছিলো। উভয় পক্ষ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয় এবং আদালতে মামলা চলমান রয়েছে।
নিহতের স্বজন মোবারক হোসেন জানান, নিহত মোতালেবের স্ত্রী মমতাজ বেগম (৫০) ও পুত্র মাসুম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, শনিবার রাত ৮টার দিকে মোতালেবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
