পিএলএসসিকে এক্স-স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২

গল্প, আড্ডা, ক্রিকেটে বন্ধুত্ব আর সম্প্রীতির মেলবন্ধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:০১

পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? কবিগুরুর এই চির অম্লান পংক্তিমালা যেন ভাস্বর হয়ে ওঠে বন্ধুত্বের সম্পর্কে। আর সেই বন্ধুত্ব যদি হয় শৈশবের বেড়ে ওঠার সঙ্গী তাহলে তাকে অগ্রাহ্য করার ক্ষমতা হয়তো কারও নেই। তেমনই অগ্রাহ্য করতে পারেনি কুষ্টিয়া তথা দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের (পিএলএসসিকে) সাবেক শিক্ষার্থীরা। তিনদিনের এক মিলন মেলায় জড়ো হয়েছিল ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে মাধ্যমিক পেরোনো সাবেক শিক্ষার্থীরা, আর আয়োজনের মধ্যমণি হয়ে ছিলেন শিক্ষকরা। 

সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার উপলক্ষ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। বন্ধুত্ব, সম্প্রীতি আর সৌহার্দ্য- এই তিন মূলমন্ত্রকে উপজীব্য হিসেবে রেখেই অনুষ্ঠিত হয় পিএলএসসিকে এক্স-স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। আসরে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষা দেওয়া সাবেক ১৮ টি ব্যাচ। তিনদিনের ক্রিকেট যুদ্ধশেষে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় এসএসসি ব্যাচ-২০১৭। টুর্নামেন্টে রানার্স-আপ হয় এসএসসি ব্যাচ-২০০৬।

তিনদিনের এই মিলনমেলায় খেলা ছাপিয়েও বড় হয়ে উঠেছিল বন্ধুত্বের বন্ধন আর সম্প্রীতির ছোঁয়া। যেখানে শামিল হয়েছিল ৫০ পেরোনো অভিভাবক সমতুল্য বড় ভাই-বোন বা ১৬ পেরিয়ে সদ্য কৈশোরে পা দিয়ে দস্যিপনায় মেতে ওঠা ছেলে-মেয়েরা। তাদের সেই মিলনের উৎসবে একাত্ম হয়ে মিশেছেন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকারাও। মাঠের খেলার পাশাপাশি অনেক দিনের পুরনো বন্ধুকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছিল সবাই। অগ্রজ আর অনুজদের ভেতরেও ছিল সবাই মিলে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আত্মপ্রত্যয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে রোববার অনুষ্ঠিত হয় পিএলএসসিকে এক্স-স্টুডেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। ১৮ টি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টে সব দলকে পেছনে ফেলে ফাইনালে উঠে আসে এসএসসি ব্যাচ ২০০৬ এবং এসএসসি ব্যাচ ২০১৭। কুষ্টিয়ার ক্লেমন ক্রিকেট মাঠে রোববারের ফাইনালে ২০০৬ ব্যাচকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ২০১৭ ব্যাচ। 

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ২০০৬ ব্যাচের অধিনায়ক আশরাফুজ্জামান। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইেকেটে ১০৮ রান সংগ্রহ করে ২০০৬ ব্যাচ। ওপেনার আরমান কোলি সোহানের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩০ বলে ৫০ রান।

১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০১৭ ব্যাচের শুরুটা হয় দুর্দান্ত। অধিনায়ক ও ওপেনার মেহেদী হাসানের ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসের পর হাসান মনসুরের ১০ বলে ২৪ রানের টর্নেডো ইনিংসে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ২০১৭ ব্যাচ।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার অধ্যক্ষ নাজমুল আরেফীন। ২০০৬ ব্যাচের আরমান কোলি সোহান টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্ট সেরার শিরোপা জিতে নেয়।

এর আগে, গত বুধবার (২১ ডিসেম্বর) পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার মুক্ত মঞ্চে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার এসপি মো. খাইরুল আলম।

টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ নাজমুল আরেফীন শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাদের মাঝে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান। ছবি- শামীমুল ইসলাম

ইত্তেফাক/এআই