নেত্রকোণার মদনে বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক ব্যবসায়ীকে খুন করে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মদন পৌর এলাকার হরি মন্দির নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত বাবুল চন্দ্র দাস মদন পৌর এলাকার মদন গ্রামের হেমচন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে মদন বাজারে পাইকারি ব্যবসা করতেন। তার ব্যবসা-প্রতিষ্ঠান থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা মালামাল ক্রয় করে থাকেন। রোববার রাত ১০ টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে মদন হরি মন্দির নামক স্থানে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহত ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
