রংপুর সিটি নির্বাচন: ভুয়া প্রিসাইডিং অফিসার আটক 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:৫৫

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন লাল্টু ইসলাম রানা নামে এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে তাকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক লাল্টু ইসলাম রানা ঝিনাইদহ সদর উপজেলার এনতাজ জোয়ার্দারের ছেলে। তার কাছ থেকে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন আইনে যেকোনো সময় ভোট গণনা বন্ধ রাখতে পারেন প্রিসাইডিং অফিসার’ লেখা প্যাডের পাতা, আইডি কার্ড ও সিল উদ্ধার করেছে।

জানা যায়, সোমবার বিকালে লাল্টু ইসলাম রানা মন্দিরা এলাকার কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে নির্বাচনে জয়ী করার কথা বলে টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক মাহিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন কাউন্সিলর প্রার্থী। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে লাল্টু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিজেকে প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে।

ইত্তেফাক/পিও