দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো চালকের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে এ দুর্ঘটনার ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার তামার তার গ্রামের হাবিব মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটু সামনে সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকাগামী ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হন এবং অপর ট্রাকের চালক ও হেলপার  আহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী ট্রাকের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে চালক সাইদুল ইসলাম নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।

ইত্তেফাক/এআই