মেট্রোরেলের উদ্বোধনীতে বিএনপির ৪ নেতাকে ‘আমন্ত্রণ’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার সকাল ১১টায় মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছবি: ফোকাস বাংলা

আমন্ত্রিত এই চার নেতার মধ্যে রয়েছেন, খন্দকার মোশাররফ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মঈন খান।

মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী উত্তরা স্টেশনে উঠে আগারগাঁও এসে নামবেন। ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল বানাতে সরকারের খরচ হচ্ছে ৩১ হাজার ৪৭২ কোটি টাকা। এর স্টেশন সংখ্যা ১৭টি। মেট্রোরেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ইত্তেফাক/এসকে