মেট্রোরেলের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব ডিএমপির

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭

‘জনস্বার্থে মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় আলাদা একটি বিশেষায়িত ইউনিট (এমআরটি) গঠনের জন্য ডিএমপির পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব এখন অনুমোদনের অপেক্ষায়। এর আগে পর্যন্ত আপাতত ডিএমপি নিজস্ব ব্যবস্থায় মেট্রোরেলের নিরাপত্তা দেবে।’

রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টরের দিয়াবাড়ি মেট্রোরেল মেইন ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক এ কথা বলেছেন। এ সময় বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে ডিএমপি কমিশনারের মতবিনিময়

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় যানজট এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন তিনি। এজন্য এ এলাকায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। তাদের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সেখানে ডিএমপি নিরাপত্তা সহযোগিতা করবে।

ইত্তেফাক/এসকে