রংপুর সিটি নির্বাচন

একদিকে ভোট গণনা অন্যদিকে ভোট গ্রহণ 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২০:৫২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। শেষ হবার কথা বিকেল সাড়ে ৪টায়। কিন্তু কিছু কেন্দ্রে এখনো ভোট গ্রহণ চলছে এ খবর লেখা পর্যন্ত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ১২ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ডের দারুল উলুম আলিয়া মাদরাসা, ১৩ নম্বর ওয়ার্ডের কিশমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ১৫টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। অন্যদিকে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রের ভেতরে ছিলেন তাদের ভোট গ্রহণ চলছে। কিছু কিছু জায়গায় ইভিএমের সমস্যা হলেও আমরা তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণ অব্যাহত রেখেছি। অনেক ভোটারের ফিঙ্গার প্রিন্ট না মেলার কারণে কিছু কেন্দ্রে সময় বেশি লেগেছে।

রংপুর সিটি করর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

এদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করছি।

মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইত্তেফাক/পিও