মেসির রুমটা এখন জাদুঘর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৮

কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সারা জীবন ধরে রাখার উদ্যোগ নিয়েছে কাতার। বিশ্বকাপ খেলতে গিয়ে আর্জেন্টিনার বেইস ক্যাম্প করা হয়েছিল দোহায়, কাতার ইউনিভার্সিটির ভেতরে। ইউনিভার্সিটির ক্যাম্পাসটি ছিল আর্জেন্টিনার জন্য। ২৯ দিন ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানেই মাঠে অনুশীলন করেছেন মেসিরা। সাংবাদিকরাও মেট্রোতে নেমে ইউনিভার্সিটির গেট থেকে বাসে চড়ে বেইস ক্যাম্পে যেতেন। ১৫ মিনিট অনুশীলন ভিডিও করে আবার বাসে করে সাংবাদিকদের নামিয়ে দেওয়া হতে মেট্রো স্টেশনে।

গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাস সৃষ্টি করা আর্জেন্টিনার শিরোপা উৎসবকে রাঙিয়ে দিতে কালো রঙয়ের আলখেল্লা মেসিকে পরিয়ে দিয়ে ছিলেন কাতারের আমির শেখ তামিম। এবার কাতার বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, কাতার ইউনিভার্সিটির বেইস ক্যাম্পে মেসির রুমটি মিনি জাদুঘর বানাবে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। 

টুইটারে দেখানো হয়েছে, মেসির রুমটিতে রয়েছে দুটি সিঙ্গেল বেড, দুটি চেয়ার, সোফা, মেসির খেলার ছবি দিয়ে সাজানো। ক্যাম্পের অভ্যর্থনা কক্ষে আর্জেন্টিনা ও কাতারের পতাকা রাখা হয়েছে। ঢুকলেই নীল রং ভরিয়ে দেবে মন। পুরো ক্যাম্পটাকে নীল সাদা রঙ করা হয়েছে। লেখা হয়েছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার ফুটবলারদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে জিমনেসিয়াম। অনুশীলন মাঠও নীলে সাজানো হয়েছে।

ইত্তেফাক/ইআ