গন্তব্যে পৌঁছে দেবে বিআরটিসির ৫০ বাস

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:২৫

মেট্রোরেলের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে স্টেশনে থাকবে বিআরটিসির ৫০টি বাস। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার চলবে  মেট্রোরেল। ফলে ফার্মগেট, শাহবাগ, প্রেসক্লাব কিংবা মতিঝিল গন্তব্যের যাত্রীরা সহজেই কম সময়ে পৌঁছে যেতে পারবেন। কিন্তু প্রাথমিক উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার মেট্রোলাইন চালু করা হচ্ছে। সেক্ষেত্রে মেট্রো থেকে নামার পর ওই সব পথের যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হবে এমন অভিমত বিভিন্ন মহলের। তবে  মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানসিট  কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পরতে না হয় সেজন্য প্রস্তুত করা হচ্ছে বিআরটিসি বাস।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেল উদ্বোধনের পরের দিন (২৯ ডিসেম্বর) থেকেই যাত্রীরা ঐ বাসে চলাচল করতে পারবেন। সেজন্য ৫০টি বাস প্রস্তুত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে আলাদা ডিপো।

বিআরটিসি সূত্র অনুযায়ী, মেট্রোরেলের যাত্রীদের সেবা দিতে সম্প্রতি ডিএমটিসিএল ও বিআরটিসির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সে চুক্তির আওতায় রাজধানী আগারগাঁও থেকে ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ হয়ে মতিঝিল এবং কমলাপুর পর্যন্ত বাস চলবে। প্রথম ধাপে ৫০টি বাসচলাচল শুরু   করবে। এই বাসগুলো আগারগাঁও স্টেশনের যাত্রী পরিবহন করবে। নির্দিষ্ট সময় পর পরবাস আসবে। ফলে  মেট্রো থেকে নেমে যাত্রীদের পরিবহনের জন্য বেশিক্ষণ  অপেক্ষা করতে হবে না।

ইত্তেফাক/ইআ