বিশ্বকাপের নক-আউটে খেলতে পারতেন বেনজেমা!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

বিশ্বকাপ থেকে একটু আগেভাগেই দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিলো করিম বেনজেমাকে। তার ইনজুরির যা অবস্থা ছিল তাতে কিছুটা অপেক্ষা করলে হয়তোবা নক-আউট পর্বে তার খেলার সম্ভাবনা ছিল, এমনটাই দাবি জানিয়েছেন বেনজেমার এজেন্ট কমির ডিয়াজিরি।

রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের এজেন্ট নিজের টুইটারে এ সম্পর্কে বলেন, ‘আমি এ ব্যপারে তিনজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি। তারা সবাই আমাকে নিশ্চিত করেছেন আটদিনের মধ্যে তার দলে ফিরে আসার সম্ভাবনা খুবই প্রবল ছিল, অন্তত বদলি বেঞ্চে। তাকে এত তাড়াতাড়ি কেন দেশে পাঠিয়ে দেওয়া হলো?’

বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনুশীলন ক্যাম্পে উরুর ইনজুরিতে পড়ে আর মাঠে নামা হয়নি বেনজেমার। ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম যদিও বেনজেমার বদলি হিসেবে ঐ মুহূর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্তও করেনি। যে কারণে ফ্রান্স দল ২৫ জন সদস্য নিয়েই বিশ্বকাপ শেষ করেছেন। এক সময় এমন গুঞ্জনও শোনা গিয়েছিল ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হয়তো দলে ফিরতে পারেন ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা। কিন্তু সেটি আর ঘটেনি বাস্তবে।

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বেনজেমা। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরেই এই রিয়াল মাদ্রিদ তারকার বিদায়ে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ফ্রান্সের জার্সি গায়ে বেনজেমা করেছেন ৩৭ গোল।

ইত্তেফাক/এসএস