পাকিস্তানের করাচিতে চলছে পাকিস্তান-নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিচের প্রথম ম্যাচের খেলা। গতকাল এ ম্যাচের তৃতীয় দিনে মাঠে ঘটেছে অদ্ভুত কাণ্ড। পাকিস্তানের এক টেস্টে খেলছেন তিন অধিনায়ক। গতকাল বুধবার সকালে অসুস্থ হওয়ায় ফিল্ডিং করতে নামেননি পাক অধিনায়ক বাবর আজম। তার জায়গায় নামেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে কিউইদের বিপক্ষে এই টেস্ট ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়েন রিজওয়ান। তার বদলে দলে জায়গা পায় সরফরাজ আহমেদ। ২০১৯ সালের পর যিনি এই প্রথম টেস্ট খেলছেন।
বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম এবং সহ-অধিনায়ক রিজওয়ান। কিন্তু রিজওয়ান এই টেস্টে খেলছেন না। বাবর নামতে না পারায় তার পরিবর্তে ফিল্ডার হিসাবে নামেন রিজওয়ান। তাকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। তবে আইসিসির নিয়ম অনুযায়ী পরিবর্তে নামা ফিল্ডার কখনো অধিনায়কত্ব করতে পারবেন না। রিজওয়ানের ফিল্ডিং সাজানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তবে এ বিষয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তখন স্পষ্ট করে দেয় যে বাবরের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
এদিকে, বুধবার সকালে সেঞ্চুরির পথে থাকা কিউই ওপেনার ডেভন কনওয়ের প্যাডে পাক স্পিনার নোমান আলি আঘাত করলে এলবিডব্লি আউটের রিভিউ নেন সরফরাজ। তবে একটি ক্যামেরায় দেখা যায় সরফরাজ আলোচনার জন্য রিভিউ নেওয়ার আগে রিজওয়ানের সঙ্গে পরামর্শ করেন।
