কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৫:০১

কিশোরগঞ্জের নিকলী উপজেলাসহ হাওর অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।এছাড়া জেলার কোনো কোনো জায়গায় আজ গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে  নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া বিভাগের তথ্যমতে আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে।

ছবি: ইত্তেফাক

নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষণ কর্মকর্তা আক্তার ফারুক বলেন, বৃহস্পতিবার সকালে থেকে সূর্যের দেখা মেলেনি। দুপুর ১২টার দিকে সেখানে তাপমাত্রা ছিল ১৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিশোরগঞ্জের কোনো কোনো জায়গায় আজ গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টা জেলায় কুয়াশাপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।

এদিকে, সূর্যের দেখা না মেলায় বৃহস্পতিবার দুপুরেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া নৌযান চলাচল  বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার কোনো কোনো জায়গায় নদীগুলোতে ঘন কুয়াশার কারণে নৌকা নোঙ্গর করে রেখেছে।

 

 

 

 

 


 

ইত্তেফাক/আরএজে