দিনাজপুরের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোটবড় যানবাহন।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো ফুলবাড়ী উপজেলা জুড়ে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। সকালে ট্রেন, বাস, ট্রাকসহ ছোটবড় সকল যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ফুলবাড়ী উপজেলার দুস্থ শীতার্তদের জন্য ৮/১০ দিন আগে সরকারিভাবে তিন হাজার ২০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। আগামী সপ্তাহে কম্বলগুলো বিতরণ করা হবে।
এদিকে, ঘন কুয়াশাসহ তীব্র শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারগুলো। শহরের মোড়ে মোড়ে রিকশা ও অটোরিকশা চালকরা প্রচণ্ড শীত উপেক্ষা করে যাত্রীর আশায় সড়কে দাঁড়িয়ে থাকলেও যাত্রীর স্বল্পতায় বিপাকে পড়েছেন চালকরা।
সকাল ৮টা ১৫ মিনিটে ফুলবাড়ী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় চারদিক ঘিরে আছে। যাত্রীবাহী ও মালবাহী ট্রেন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ট্রেনের যাত্রী মল্লিকা রানী ও সিফাত আহম্মেদ বলেন, ঢাকা থেকে ফুলবাড়ীতে এসেই দেখছি চারদিক কুয়াশায় ঢাকা। কিছু দেখা যাচ্ছে না। শীতের তীব্রতাও কিছুটা বেশি অনুভব হচ্ছে।
স্টেশনের ভ্রাম্যমাণ হকার আব্দুল রউফ বলেন, ভোরবেলা থেকেই প্রচণ্ড ঘন কুয়াশা। এরইমধ্যে যাতায়াত করেছে। প্রতিটি ট্রেনই হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক নূর ইসলাম বলেন, ভোরে সিএনজি নিয়ে স্টেশনে এসেছি। চারদিক ঘন কুয়াশায় ঢাকা। ১০ হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না। অন্যদিনের তুলনায় সড়কে মানুষের যাতায়াত কম।
এদিকে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে খেতমজুররা জমিতে কাজ করতে পারছেন না। খেতমজুর রহমত আলী বলেন, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। ফাঁকা জায়গা হওয়ায় সেখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না বলে কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে আয়ও বন্ধ হয়ে গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। অন্যদিনের তুলনায় কুয়াশার পরিমাণ বেশি ছিল।

কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা