কাতার বিশ্বকাপে জাপানকে শেষ ষোলোতে উন্নীত করা কোচ হাজিমে মোরিইয়াসু বিশ্বকাপের পরও তার দায়িত্বেই বহাল থাকছেন। এই তথ্য নিশ্চিত করেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন।
কাতারে জাপানের দারুণ পারফরম্যান্সের পর মোরিইয়াসুর ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। আরো একবার কোয়ার্টার ফাইনালে খেলতে ব্যর্থ হওয়ায় জাপানের কোচ হিসেবে মোরিইয়াসুর ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়ে। কিন্তু একইসঙ্গে জার্মানি ও স্পেনের বিপক্ষে জয়গুলো নিয়েও আলোচনা শুরু হয়।
নতুনভাবে নিয়োগ পেয়ে মোরিইয়াসু বলেছেন, ‘অবশ্যই এই চাকরি আমি দারুণ উপভোগ করছি। জাপানীজদের এই দলটি নিয়ে আমি দারুণ গর্বিত। তাদের কারণেই আমরা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি। এ কারণেই আমি আবারো তাদের প্রস্তাব গ্রহণ করেছি।’
এই নিয়ে চতুর্থবারের মত জাপান নক-আউট পর্বের প্রথম ম্যাচ থেকে বিদায় নিয়েছে। টানা সপ্তম বিশ্বকাপে এবারও তাদের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন পূরন হয়নি। বিশ্বকাপের পর প্রথম জাপানীজ কোচ হিসেবে নিজের পদে টিকে থাকলেন মোরিইয়াসু। ৫৪ বছর বয়সী মোরিইয়াসুর নতুন চুক্তির মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো টাজিমা। জাপানের ফুটবলকে আন্তর্জাতিক ভাবে সমৃদ্ধ করার পিছনে মোরিইয়াসুর অবদানের প্রশংসাও করেছেন টাজিমা।
বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর মোরিইয়াসু বলেছিলেন জাপান সঠিক পথেই আছে। তিনি বলেন, ‘শেষ ষোলো থেকে বিদায়ের চ্যালেঞ্জ আমরা কোনভাবেই পার করতে পারছি না। এতে অনেকেই হয়তো বলতে পারে আমরা নতুন কিছু অর্জন করতে পারছিনা। কিন্তু খেলোয়াড়রা নিজেদের শতভাগ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে তারা এখন আর ছোট দল নয়। সাবেক দুই চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে তারা অনেক কিছুই নতুনভাবে অর্জন করেছে।’
