শরণখোলার লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:০৫

শরণখোলার লোকালয় থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে একটি অজগর উদ্ধার করেছে বনরক্ষীরা। উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে লোকালয় থেকে অজগরসহ ২৯টি বন্যপ্রাণী উদ্ধার হয়েছে বলে জানা গেছে। 

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কদমতলা গ্রামের ছগির মোল্লার বাড়ির খড়ের গাদা থেকে ভিটিআরটি ও ওয়াইল্ড  টিমের সোবাহান তালুকদার, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য শেখ নাজমুল ইসলামের সহায়তায় একটি অজগর উদ্ধার করে শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে যায়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কদমতলা গ্রাম থেকে উদ্ধার করা ৫ ফুট দৈর্ঘ্যের অজগরটি আজ দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ অজগরটি নিয়ে ২০২২ সালে এ পর্যন্ত শরণখোলার বিভিন্ন গ্রাম থেকে ২৯টি অজগর, হরিণসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী উদ্ধার করে সেগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়। লোকালয়ে উদ্ধার করা অজগর সুন্দরবন থেকে বনসংলগ্ন গ্রামে চলে আসে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

ইত্তেফাক/এআই