গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলকাছ আলী (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে অন্যজন আহত হন।
জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১২টার সময় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রাকটি সুবর্ণদহ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আলকাছ আলী (২২) মারা যান। নিহতের সঙ্গে থাকা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত আলকাছ মধ্য পরান গ্রামের ওমর আলীর ছেলে ও আহত আব্দুর রাজ্জাক একই গ্রামের রফিকুলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক হাশেম আলী ও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে নেয়। চালক হাশেম আলী নিলফামারী জেলার ডিমলা গ্রামের আলী আকবরের ছেলে।
আরো পড়ুন: সদরঘাটে লঞ্চের কেবিনে মিলল নারীর মৃতদেহ
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
