কাঞ্চন দেবনাথ (৪৫)। তার পরিবার নিয়ে চট্টগ্রামের চকবাজারে ভাড়া বাসায় থাকেন। চাচতো ভাইয়ের মৃত্যুতে তার শেষকৃত্যে এসেছিলেন। গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামে। বিকালে তার ভাইয়ের চিতায় আগুন দিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় ঘটাস্থলেই প্রাণ হারান তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত কাঞ্চন দেবনাথ আনোয়ারা উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত ডা. পুলিন বিহারী নাথের পুত্র। তিনি পেশায় চিকিৎসক। কাঞ্চন দেবনাথ পরিবার নিয়ে শহরে থাকলেও সপ্তাহে একদিন তার বাবার চেম্বারের এসে চিকিৎসা সেবা দিতেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে তার বোন মিতালী দেবী জানান, বুধবার বিকালে আমার জেঠাতো ভাই মারা গেছে। আজ বিকাল ৩টার দিকে ভাইকে চিতায় তুলে শহরের বাসার উদ্দেশ্যে রওনা হয় কাঞ্চন। পরবর্তীতে বিকাল ৫টার দিকে খবর পাই নতুন ব্রিজ এলাকায় গাড়ি এক্সিডেন্টে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ওসি আব্দুর রহিম বলেন, মোবাইল ক্রেন আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারা গেছে। এবং মোটরসাইকেলে থাকা একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
